ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তাঁর পাঁচ বছরের মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় গিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, পারিবারিক কলহ ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েন। এসব কারণে মানসিক হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে এ বিষয়ে সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’