হোম > সারা দেশ > যশোর

বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় কনের বাবার ১ মাসের জেল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে বাল্যবিবাহের আয়োজন। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে ১৪ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সঙ্গে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উচ্চমাধ্যমিকে পড়ুয়া ছেলের বিয়ের আয়োজন করা হয়েছিল।

বিয়ের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বাড়িতে যান। সেখানে বাল্যবিবাহ বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেন।

আনোয়ার হোসেন বলেন, ‘ছেলে ও মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক। তাদের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।’