হোম > সারা দেশ > যশোর

সেনাবাহিনীর সহযোগিতায় ঘুরে দাঁড়াল ডহর মশিয়াহাটীর আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার

­যশোর প্রতিনিধি

ডহর মশিয়াহাটী গ্রামের বাড়েদাপাড়ার দুই নারী। পাড়াটির আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে যশোর সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

ঘরের বারান্দায় চেয়ারে বসেছিলেন শিউলি বিশ্বাস। পরনে লাল আর কালো রঙের ফুল তোলা প্রিন্টের শাড়ি, দুই হাতে শাঁখা। কাছে যেতেই বারান্দা থেকে নেমে দাঁড়ান সিঁড়ির ওপর। কেমন আছেন জিজ্ঞাসা করতেই মৃদু হেসে বলতে লাগলেন, ‘প্রায় দুইটা মাস কত আতঙ্ক আর দুর্ভোগ-কষ্টে কেটেছে। অসহায় হয়ে পড়েছিলাম। এখন অনেক ভালো আছি। সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। নতুন ঘর পেয়েছি, ঘরের তৈজসপত্র, আসবাবপত্র পেয়েছি। দেওয়া হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকাও।’

শিউলি বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের বাড়েদাপাড়ার বিষ্ণ বিশ্বাসের স্ত্রী। গত ২২ মে পাড়াটির ঘের ব্যবসায়ী পিল্টু বিশ্বাসের বাড়িতে কৃষক দলের নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাতে একদল লোক পিল্টু বিশ্বাসের প্রতিবেশী ১৪টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ১৪টি বাড়িই পুড়ে ভস্ম হয়। তার আগে চলে লুটপাট, ভাঙচুর ও মারধর। এ সময় আহত হন অন্তত ১০ জন। আতঙ্কিত লোকজন প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে আশপাশের জঙ্গল, ঘেরের পাড়ে আশ্রয় নেন। ক্ষোভের এই হামলার ঝড় বয়ে গেছে শিউলি বিশ্বাসের জীবনে। সেই মতুয়াপল্লির বাসিন্দাদের মাঝে এখন আতঙ্ক কেটে ফিরছে স্বস্তি। সেনাবাহিনীর সহায়তায় পুড়ে যাওয়া নিস্তব্ধ বাড়িগুলো নতুন করে জেগে উঠছে। ক্ষতিগ্রস্তরা পেয়েছে নতুন পাকা বাড়ি। বাড়ির সঙ্গে পেয়েছে পুড়ে যাওয়া ঘরের তৈজসপত্র, আসবাবও।

আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সংস্কার হওয়া বাড়িঘর হস্তান্তর ও আর্থিক সহায়তা তুলে দেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। এ সময় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্তদের সংস্কার হওয়া বাড়িঘর পরিদর্শন করেন।

সরেজমিন দেখা গেছে, আগুনে পুড়ে ফেটে যাওয়া ভুক্তভোগীদের সেমিপাকা ঘরের দেয়াল নতুন করে করা হয়েছে প্লাস্টার। পুড়ে যাওয়া ছাউনির বদলে নতুন রঙিন টিন লাগানো হয়েছে। দেয়ালে করা হয়েছে রং। ঘরের ভেতরে পুড়ে যাওয়া ঘরের তৈজসপত্র, আসবাব, টেলিভিশন, ফ্রিজ, ফ্যান লাগানো হয়েছে। আর এসব করে দিয়েছে যশোর সেনাবাহিনী। এই মানবিক উদ্যোগে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পাড়াটির বাসিন্দা স্মৃতি বিশ্বাস বলেন, ‘সব হারিয়ে ছিলাম। আড়াই মাস কত কষ্ট করেছি। বৃষ্টিতে ভিজেছি। এখন সেনাবাহিনীর কল্যাণে নতুন ঘর পেলাম। আগের চেয়ে ভালো ঘর পেয়েছি। ঘরের ফ্যান, ফ্রিজসহ ঘরের ভেতরে যার যা পড়েছিল; তারা সেটা দিয়েছে। সেনাবাহিনী আমার পুনর্জীবন দিয়েছে।’ এখন আতঙ্ক কাটলেও মাঝেমধ্যে সেনাবাহিনীর টহলের দাবি জানিয়েছেন তিনি।

সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডহর মশিয়াহাটীর একটি হত্যাকাণ্ডের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর আমি ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করি। সেনাবাহিনীর প্রধানের নির্দেশ ছিলে এসব পরিবারকে সহযোগিতা করার। সেই লক্ষ্যে গত ১২ জুলাই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত-পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাব প্রদানের কাজ শেষ হয়। সেনাবাহিনী সব ভালো কাজের সঙ্গে সর্বদাই প্রস্তুত।’ তিনি বলেন, ‘যারা মানুষকে ক্ষতি করতে চায়, তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা কোনোভাবে আশা করি না, কোনো গোষ্ঠীকে বা মানুষকে কেউ নির্যাতন করবে বা ক্ষতি করার চেষ্টা করবে। দেশের সব নাগরিকের সবার সমান অধিকার। ফলে সবার নিরাপত্তার স্বার্থে আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী কাজ করবে।’

প্রসঙ্গত, গেল ২২ মে অভয়নগর ডহর মশিয়াহাটী গ্রামের পাড়াটিতে হামলার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিল যশোর জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনীতিক দল। এ ছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনও তাদের খোঁজখবর আর্থিক সহযোগিতা দিয়েছে।

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

নাতনিকে উত্ত্যক্তের অভিযোগ: প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক ৫

ভালোবেসে বিয়ে, তবু ছয় মাসের মধ্যে ‘স্বামীর হাতে’ মরতে হলো শাম্মীকে

শার্শায় নাশকতা মামলায় বিডিনিউজের প্রতিনিধি আসাদ গ্রেপ্তার, থানায় সাংবাদিকদের অবস্থান

যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ১০

বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টা মামলায় দুই দিনেও গ্রেপ্তার নেই, উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র

বেনাপোলে ব্যবসায়িক বিরোধে যুবককে লক্ষ্য করে ৩টি গুলি, আতঙ্কে স্থানীয়রা

মাইকিং করে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা-কর্মীরা

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অভিযান চালিয়ে ৬ কর্মী আটক