যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়টি পরিষ্কার করার সময় বস্তুটি দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরান। এ সময় ইটের ফাঁকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারাও ঘটনাস্থলে যান।
পরে কোতোয়ালী মডেল থানায় খবর দেওয়া হলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসআই ফজলুর বলেন, উদ্ধার করা বস্তুটি থানায় রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এটি কার্যালয়ের ভেতরে রেখে গেছে। তবে ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।