যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে। প্রকাশিত তালিকায় বিশ্বজুড়ে ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে দশম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মানসম্মত পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সূচকগুলোর ওপর ভিত্তি করে এই বৈশ্বিক র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির এই শ্রেষ্ঠত্ব পুরো যবিপ্রবি পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে আরও ওপরের সারিতে নিয়ে যেতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
এক বিজ্ঞপ্তিতে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘এই অর্জন আমাদের একাডেমি ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণার ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলনই এই সাফল্য।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান জানান, শিক্ষা ও গবেষণার পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।