যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বিহারি কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন ওই দুই শ্রমিক। একপর্যায়ে কোদালের কোপ লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত অবস্থায় দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।