যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া রঞ্জন মণ্ডল (৬০) হত্যাকাণ্ডের মূল আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিহত রঞ্জন মণ্ডলের স্বর্ণালংকার, মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও লাশ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) ও সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীর হান্নান গাজী (৬৪)। মিঠুন স্থানীয় পল্লিচিকিৎসক।
আজ সোমবার (৯ নভেম্বর) সিআইডির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গত শনিবার (৭ নভেম্বর) মনিরামপুরের মহিষদিয়া হেলারঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হয়। নিহত রঞ্জন মণ্ডল যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার পর রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল ৪টার দিকে তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সিআইডির তদন্তে উঠে আসে, নিহত রঞ্জন মণ্ডলের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন ধর তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দী করে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। হত্যার পর হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি।
ওই সময় যশোর সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা-পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
পরে মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহত রঞ্জন মণ্ডলের ব্যবহৃত সোনার চেইন, আংটি ও স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া লাশ বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও মিঠুনের কাটাখালী বাজারের দোকান থেকে রঞ্জনকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত রঞ্জনের ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে গতকাল রোববার (৮ নভেম্বর) মনিরামপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় মিঠুন ও হান্নানকে আসামি করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।