যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
তাদেরকে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে। কয়েক মিনিটের ওই ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের নামে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মিছিলের ব্যানারেও জেলা যুবলীগের নেতা হাজী আলমগীর কবীর সুমনের নাম লেখা ছিল।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।