হোম > সারা দেশ > যশোর

যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

যশোর প্রতিনিধি

যশোরের নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ করেছে এসআরবি। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালিদ হাসান।

আজ বুধবার বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজটি জব্দ করা হয়।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্যবানু ১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গমসহ জাহাজটি জব্দের পাশাপাশি জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।