হোম > সারা দেশ > যশোর

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

নিহত মাহিম হোসেন । ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে এক স্কুলছাত্রের (চালক) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজারহাট সড়কের আট মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন (১৫) কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাবা সিরাজুল ইসলাম ওই বিদ্যালয়ের অফিস সহায়ক। তাদের বাড়ি মনিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামে।

প্রত্যক্ষদর্শী নূরনবী জানান, সকালে তিনি মনিরামপুরের দিকে ফিরছিলেন। পথে আট মাইল এলাকায় পৌঁছালে দেখতে পান, দ্রুতগতির একটি মোটরসাইকেল মনিরামপুরের দিক থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ মোটরসাইকেলটি প্রায় ১৫ থেকে ২০ হাত ওপরে ওঠে সড়কে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় দে বলেন, ‘নিহত মাহিম আমাদের দশম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।