যশোরের মনিরামপুর বাজারে দুর্গন্ধযুক্ত পচা দই সংরক্ষণ ও বিক্রির দায়ে মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানির মনিরামপুর বাজার শাখা ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
অভিযানে মনিরামপুর থানা পুলিশের একটি দল অংশ নেয়।
মাহির দায়ান আমিন বলেন, বিকেলে মনিরামপুর বাজারে অভিযান পরিচালনার সময় বনফুল অ্যান্ড কোম্পানির বিক্রয়কেন্দ্রে কয়েকটি খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।
অভিযানে বনফুলের ওই বিক্রয়কেন্দ্রে দুর্গন্ধযুক্ত নষ্ট দইও পাওয়া যায় বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এসব পণ্য ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসব অভিযোগে বনফুলের বিক্রয়কেন্দ্রের শাখা ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান মাহির দায়ান আমিন।