হোম > সারা দেশ > যশোর

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যমজ দুই ভাই মোহায়মিন হাসান জিহান ও সালমান হাসান রিহান। ছবি: সংগৃহীত

পুরো বছর বিজ্ঞান বিভাগের বই পড়ে প্রস্তুতি নেওয়ার পর প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ থাকায় চরম উদ্বেগে পড়েছে যমজ দুই এসএসসি পরীক্ষার্থী মোহায়মিন হাসান জিহান (১৭) ও সালমান হাসান রিহান (১৭)। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও হঠাৎ এই ভুলে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দুই ভাই ও তাদের পরিবার।

জিহান ও রিহান ২০২৫ সালজুড়ে বিজ্ঞান বিভাগের পাঠ্যবই অধ্যয়ন করেছে এবং নির্বাচনী পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ভালো ফল করেছে। তবে গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে তাদের হাতে মানবিক বিভাগের প্রবেশপত্র তুলে দেওয়া হয়।

এই ঘটনায় উদ্বেগে পড়েছে পরিবারও। দুই ভাই মনিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের পরীক্ষাকেন্দ্র মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়। তারা উপজেলার মাছনা গ্রামের মশিয়ার রহমানের সন্তান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে চৌগাছা উপজেলায় কর্মরত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, যার মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন রয়েছে।

ভুক্তভোগী পরীক্ষার্থী সালমান হাসান রিহান বলে, ‘ষষ্ঠ শ্রেণি থেকে আমরা দুই ভাই এই স্কুলে পড়ি। বিজ্ঞান বিভাগে রেজিস্ট্রেশন করেছি। এক সপ্তাহ আগে জানতে পারি আমাদের প্রবেশপত্রে মানবিক বিভাগ লেখা হয়েছে। এখন আমরা জানি না পরীক্ষা দিতে পারব কি না।’

অন্যদিকে মোহায়মিন হাসান জিহান জানায়, তার নামও ভুলভাবে লেখা হয়েছে। মোহায়মিনের জায়গায় ‘মুসায়মিন’ লেখা হয়েছে। বিভাগের নামেও ভুল আছে বলে সে জানায়।

শিক্ষার্থীদের বাবা মশিয়ার রহমান বলেন, ‘গত সপ্তাহে বিষয়টি জানতে পারি। পরে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান, দ্রুত সমাধান হবে। কিন্তু নির্ধারিত সময়েও সংশোধিত প্রবেশপত্র দেওয়া হয়নি।’

এ বিষয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, ‘এটি ভুল হয়েছে। আমরা সংশোধনের কাজ করছি। রোববারের মধ্যে বিজ্ঞান বিভাগের প্রবেশপত্র দেওয়া সম্ভব হবে।’

তবে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টিকে দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এক বছর আগে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। তখনই যাচাই করা উচিত ছিল। তবে পরীক্ষার আগেই সমস্যার সমাধান করা হবে এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা হবে।

পৃথক ঘটনায় চৌগাছায় দুজনের আত্মহত্যা

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির

তেলের পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিকরগাছায় পশু হাসপাতালে হাজির আহত হনুমান

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

যশোরে বর্ষবরণ শোভাযাত্রা রাঙাবে নতুন ভোরের বার্তাবাহক মোরগ

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

যশোর: কৌশলে সরকারি গাছ নিধন, নেই তদারকি

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ