হোম > সারা দেশ > যশোর

যশোরে ‘জামাল বাহিনী’র প্রধানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, নারী আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

ককটেল বিস্ফোরণে আহত শাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে জামাল বাহিনীর প্রধান জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকায় ওই বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তিনি একই এলাকার শামসুর রহমানের স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহানারা গোলাঘর পরিষ্কার করার সময় লাল স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি বস্তুটি বাইরে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর বলেন, চিকিৎসাধীন শাহানারার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

এলাকাবাসী জানান, মধ্যকুলের আব্দুল গণি শেখের ছেলে জামাল (৩৪) পৌর যুবলীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তিনি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন। দলের নাম দেওয়া হয় ‘জামাল বাহিনী’। তাঁর ভয়ে পৌর এলাকাসহ পুরো উপজেলার মানুষ আতঙ্কে থাকত। বর্তমানে তিনি এলাকায় নেই।

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী জামালের বাড়িতে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জামালের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন