যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) সদস্যরা।
গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি দল রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে রাকিবের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ সোমবার দুপুরে এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার রাকিবকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।