যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শহরের কোর্ট মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতারা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িত ব্যক্তিদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।
সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত আটকের দাবি জানানো হয়। দাবি মানা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস।
আজ সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় আল মাদ্রাসাতুল শারইয়্যাহর এক শিশু ও অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুব্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কয়েক ঘণ্টা এমপি ও তাঁর স্বজনেরা অবরুদ্ধ থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে বিকেলে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যায় ক্ষুব্ধ জনতা।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সেখানে তিনি দুই পক্ষের কথা শোনেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।