যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর থেকে তাঁকে আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক শিক্ষকের নাম ইমরান হোসেন (৩৮)। তিনি অভয়নগর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে ওই শিশু শিক্ষকদের মিলনায়তনে যায়। এ সময় শিক্ষক ইমরান তাকে ডেকে শিক্ষকদের শৌচাগারে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরদিন ভুক্তভোগী ওই শিশু বিদ্যালয়ে যেতে না চাইলে তার মা কারণ জানতে চান। তখন সে বিষয়টি জানায়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ২৮ অক্টোবর শিশুটির বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পরে ধর্ষণে সহযোগিতার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। তবে ঘটনার পর থেকে ইমরান পলাতক ছিলেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর শিশুটি পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল। চিকিৎসায় সে এখন অনেকটা সুস্থ। মামলার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। মূল আসামি ইমরান বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে অভয়নগর থানা-পুলিশের একটি দল তাঁকে আটক করে।
এদিকে, শিক্ষক ইমরান হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির বলেন, বিষয়টি জানার পর অভিযুক্ত দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে।