কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ততৃষ্ণা মেটেনি। ক্ষমতায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই তৃষ্ণা মেটাতেই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এমনকি মানুষ হত্যা করছে।
আজ বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘যারা বেআইনি কাজ করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে। আদালত বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ কিংবা মেঠো পথ—কোনোটিই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব।’
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।