যশোরে জাল নথি তৈরির অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (পূর্বনাম র্যাব)। আজ রোববার দুপুরে শহরের রেলবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ভোটার আইডি কার্ড এবং জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী (২২)।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
এসআরবি জানায়, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরাই ছিল এই চক্রটির মূল লক্ষ্য। তাঁরা বিভিন্ন দেশের নাগরিকদের আসল পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংগ্রহ বা হ্যাক করতেন। পরে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে নকল নথি তৈরি করতেন। পরবর্তীতে এসব জাল কাগজপত্র চড়া দামে বিদেশগামীদের কাছে বিক্রি করা হতো।
মেজর ফজলে রাব্বি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। প্রতারক এই চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক ডিজিটাল জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’