হোম > সারা দেশ > যশোর

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

­যশোর প্রতিনিধি

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ৭ দশমিক ৮ টন ভিজিডি চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর এলাকার আতিয়ার গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি আইনজীবী সিরাজুল ইসলাম।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের আওতায় ২০১৮ সালের ডিসেম্বরে ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট ৭ হাজার ৮০০ কেজি (৭.৮ টন) ভিজিডি চাল বরাদ্দ দেওয়া হয়। বাঘুটিয়া ইউপির তৎকালীন চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করেন। তবে চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে ও ইউনিয়ন পরিষদে না নিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ২০১৯ সালের ১৬ জানুয়ারি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রানী মজুমদার অভয়নগর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাবুল আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আত্মসাৎ করা চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। এই অর্থ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে বাবুল আক্তারকে মোট ১৩ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

নারীর টয়োটা গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার