হোম > সারা দেশ > যশোর

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে সুফল মিলবে দেশেও: জ্বালানি প্রতিমন্ত্রী

­যশোর প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম ছিল। তবে আজ (শুক্রবার) সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

যশোরে স্বাস্থ্য বিভাগে চলমান কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য অন্য জেলায় দৌড়াতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগণ যাতে উন্নত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানাসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।