যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রোহিতা বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত রুহুল আমীন উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রোহিতা বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান জানান, আজ সকালে বাজারের মুদি দোকানি সামিনুর রহমান তাঁর ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেল ঘোরাচ্ছিলেন। এ সময় ভাণ্ডারী মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামিনুরের মোটরসাইকেলে ধাক্কা দেন। এরপর মোটরসাইকেলটি নিয়ে রাস্তার পাশে দিয়ে হেঁটে যাওয়া রুহুল আমীনকে ধাক্কা দেন।
তিনি আরও জানান, বাড়ি থেকে চা পান করতে রোহিতা বাজারে এসেছিলেন রুহুল আমীন। মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার পাশের পাকা ড্রেনের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ওই যুবক ও সামিনুরও আহত হন।
স্থানীয় বাগডোব ওয়ার্ডের ইউপি সদস্য খোকন জানান, স্থানীয়রা আহত বৃদ্ধ ও ওই যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন। আহত সামিনুর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, হাসপাতাল থেকে নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধের মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।