যশোরের কেশবপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর শহরে এনসিপির সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আবদুল্লাহ আল মামুন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক ও মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। কাজের সূত্রে যশোর শহরে বসবাস করতেন।
পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। পরে বিকেলে তাঁকে কেশবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এ অভিযোগে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে দেন। মারধরের বিষয়ে জানতে চাইলে সম্রাট বলেন, তাঁকে দু-একটি চড়-থাপ্পড় দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, আমার ছেলে কোনো অন্যায় করেনি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আবদুল্লাহ আল মামুন যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যরা বলেন, কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন তাঁরা।