হোম > সারা দেশ > যশোর

যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মিছিলে নেতৃত্ব দেন। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। আজ শনিবার বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে শহরে এ মিছিল বের হয়।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচারপ্রক্রিয়ায় কেউ যদি বাধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়—সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা গুপ্ত, সুপ্ত যেই হোক—দেশের স্বার্থে কোনো আপস করব না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো প্রকার আগুন-সন্ত্রাস আমরা বরদাশত করব না।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচল হেঁটে চলব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি।’

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করতে চায়। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখব।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।