যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তাঁর পরিদর্শনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সরকারি সফরে নিজ সংসদীয় আসনে এসে দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে রাত ৮টার দিকে হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে পুরুষ, মহিলা ও মেডিসিন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন এবং বিশেষ করে বয়স্ক রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেডিসিন বিভাগের মেঝেতে চিকিৎসাধীন এক নারী ও একটি শয্যায় থাকা পুরুষ রোগীর চিকিৎসায় বিলম্ব এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত নার্সকে সংশ্লিষ্ট চিকিৎসককে দ্রুত ডেকে রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। চিকিৎসক রোগীকে দেখার পর এক ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানাতেও বলেন।
ভিডিওতে প্রতিমন্ত্রীকে নার্সের উদ্দেশে বলতে শোনা যায়—‘আপনি মেডিসিন ইউনিট ওয়ানে ফোন করেন, ডাক্তারকে আমার কথা বলেন। ডাক্তার এই রোগীকে এখন দেখবে।’ রোগীকে দেখার পর অনতিবিলম্বে তার শারীরিক অবস্থার খবর দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রোগী দেখার পরে এক ঘণ্টার মধ্যে আমি ডাক্তারের ফোন চাই।’ এ সময় নার্সের বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, প্রতিমন্ত্রী যে ওয়ার্ড পরিদর্শন করেছেন, সেখানে তখন চিকিৎসক উপস্থিত ছিলেন। তবে একজন রোগীর মৃত্যু হওয়ায় তিনি ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।
তিনি আরও জানান, চিকিৎসায় বিলম্বের অভিযোগ ওঠা রোগীকে চিকিৎসক তাৎক্ষণিকভাবে সেবা দিয়েছেন। পরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রতিমন্ত্রীকেও রোগীর বিষয়ে প্রতিবেদন দিয়েছেন। বর্তমানে ওই রোগীর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।