হোম > সারা দেশ > জামালপুর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনের দাফন, এলাকায় শোকের ছায়া

জামালপুর প্রতিনিধি 

জামালপুর সদর উপজেলার দড়িহামিদুপরে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মর্জিনা বেগম (২৫) ও তাঁর ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের (৫) জানাজা সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় অনুষ্ঠিত হয়। একই পরিবারের মোফাজ্জল হোসেন লেবু (৫৫) ও তাঁর মা রাশিদা বেগমের (৮০) জানাজা সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। নিহত সিএনজিচালক সুজন মিয়ার জানাজা শুক্রবার রাত ১১টায় বীর গোবিন্দি এলাকায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে দাফন করা হয়। নিহত আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের জানাজা ও দাফনও শনিবার সকাল ১০টায় তাঁদের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন মোফাজ্জল হোসেন। শুক্রবার সকালে তিনি তাঁর মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জামালপুরগামী রাজীব পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ এর সব যাত্রী নিহত হন।

মোফাজ্জলের স্বজনেরা জানান, মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনানকে কয়েক দিনের জন্য গাজীপুরে নিজের বাসায় নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দড়িহামিদপুর ভাটিপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউল হক বলেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এই পরিবহনের বাসের বিরুদ্ধে আগেও দুর্ঘটনার ঘটনা রয়েছে। তাঁরা দুর্ঘটনার কারণ ও সড়কে বাস চলাচলের ব্যবস্থাপনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।