হোম > সারা দেশ > জামালপুর

গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক ৬ ঘণ্টা অবরোধ

জামালপুর প্রতিনিধি 

গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গ্যাস সংকট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক ছয় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা দুপুর ১২টা পর্যন্ত জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ অবরোধ চলে।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

বিক্ষোভকারী অটোরিকশাচালকেরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তাঁরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এতে তাঁদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভকারী চালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত ১২টা থেকে লাইনে বসে আছি, এখনো গ্যাস পাইনি। আমরা ভাড়ার গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করেছি।’

আরেক চালক আমজাদ হোসেন বলেন, ‘শুধু কিছু নির্দিষ্ট গাড়িকে গ্যাস দেওয়া হয়। আমরা সাধারণ চালকেরা গ্যাস পাই না। আমাদের জন্য আরেকটি গ্যাস পাম্পের ব্যবস্থা বা সুনির্দিষ্ট আশ্বাস দিলে আমরা রাস্তা ছেড়ে দেব।’

গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও নাজনীন আখতার বলেন, ‘গ্যাস সংকট ও নতুন একটি গ্যাস স্টেশনের দাবিতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। জেলা প্রশাসকের নির্দেশে আমি ও সদর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলছেন। বিক্ষোভকারীদের স্মারকলিপি দিতে বলা হয়েছে। সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। গ্যাস সংকট এখন জাতীয় সমস্যা। আশা করি, খুব দ্রুতই এর সমাধান হবে।’