হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ কারবারি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আজ রোববার দুপুরে ওই মামলায় হরমুছ আলী (২৮) নামের এক মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক। হরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামাড়া এলাকার মৃত ফরমান আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসান র‍্যাব-১৪-এর সদস্যরা। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে জামালপুর শহরের উদ্দেশে যাচ্ছিলেন হরমুছ আলী। গোপন খবরের ভিত্তিতে তাঁকে আটক করে তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় করা মামলায় আজ দুপুরে হরমুছ আলীকে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪০০ গ্রাম হেরোইনসহ হরমুছ আলী নামের এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।