জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২)। আহত ব্যক্তিরা সবাই ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি বেওয়ারিশ কুকুর হঠাৎ এসে গ্রামে ঢুকে পড়ে। এরপর কুকুর দুটি যাকে পেয়েছে, তাকেই কামড়ে মারাত্মকভাবে আহত করেছে।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৯ জন আহত হয়েছে। পরে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের প্রত্যেককে চিকিৎসা দেওয়া হয়েছে।