হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে পরিবারের সদস্যদের কাছে তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের সামনে নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ষষ্টি চন্দ্র বর্মণ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। প্রায় ২৪ ঘণ্টা তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ষষ্টি চন্দ্র বর্মণ। গতকাল বুধবার বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে অন্যরা সরে যেতে সক্ষম হলেও শূন্যরেখায় আটকা পড়েন বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ষষ্টি চন্দ্র বর্মণের ছোট ভাই ভবানী বর্মণ বলেন, ‘দুই মাস ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাইনি। অবশেষে সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাঁকে শনাক্ত করতে সক্ষম হই। ভাইকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। যাঁরা তাঁকে উদ্ধার ও আমাদের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ষষ্টি চন্দ্র বর্মণের ভাগনে স্বপ্ননীল বলেন, ‘আমার খালুর মানসিক সমস্যা রয়েছে। তিনি মাঝেমধ্যে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান। প্রায় দুই মাস ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সীমান্তে আটকে থাকার খবর ও ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আমরা তাঁকে শনাক্ত করি। এখন আমরা তাঁকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হব।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ষষ্টি চন্দ্র বর্মণকে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪