হোম > সারা দেশ > জামালপুর

ইউএনওর ছবি-পরিচয়ে ফেক ফেসবুক আইডি, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের ও জনসাধারণকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়েরের ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করে সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি জনসাধারণকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন ইউএনও। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএনওর ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে ইউএনও কিংবা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ফলে এসব আইডি থেকে প্রচারিত কোনো তথ্য, বক্তব্য, ছবি বা পোস্টের দায়ভার উপজেলা প্রশাসন বহন করবে না।

গণবিজ্ঞপ্তিতে উপজেলার সর্বসাধারণকে ভুয়া আইডিগুলোর বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এসব আইডি থেকে প্রচারিত কোনো বিভ্রান্তিকর তথ্য বা পোস্টে বিশ্বাস, মন্তব্য, শেয়ার কিংবা প্রচার না করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া কেউ এসব ফেক আইডি শনাক্ত করলে অথবা সেখান থেকে বিভ্রান্তিকর ও আপত্তিকর কোনো পোস্ট দেখতে পেলে তার স্ক্রিনশট, আইডির লিংক ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করে উপজেলা প্রশাসন অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেক আইডি পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১ আগস্ট ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগে ইসলামপুর থানায় জিডি করেন ইউএনও শাহ্ মো. জুবায়ের। একই সঙ্গে ওই ফেক আইডি নিষ্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করার অনুরোধ জানান তিনি।

ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, ‘অফিশিয়াল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডিতে দেওয়া আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নজরে আসায় জনসাধারণকে সতর্ক করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে থানায় জিডি করা হয়। ওই ফেক আইডি নিষ্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করতেও বলা হয়েছে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইউএনওর ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক আইডি পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।