হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে গুলজার হোসেন ওরফে জুসনাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে গুলজার হোসেন ওরফে জুসনা (৬৩) নামের এক বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জুসনা উপজেলার আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন এই রায় ঘোষণা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক রোধে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মানিকের চায়ের দোকানের সামনের সড়কে মাদক সেবনরত অবস্থায় জুসনাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যকে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’