হোম > সারা দেশ > জামালপুর

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

অভিযুক্ত আশিকুর রহমান তোলন ও ভুক্তভোগী মির্জা সোহেল। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চালের কার্ডের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলনের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। তবে রাতে স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী মির্জা সোহেল বকশীগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ভিজিএফের ৩৭ হাজার ৩০৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে। এর মধ্যে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পেয়েছে ১ হাজার ৫৩৭টি কার্ড। বুধবার (আজ) থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন ও সদস্যসচিব শহিদুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিলের কার্যালয়ে যান। সেখান থেকে তোলন ফোন করে মির্জা সোহেলকে ডাকেন। কার্যালয়ের বারান্দায় দেখা হলে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তোলন মির্জা সোহেলকে কিলঘুষি মারেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিল বলেন, ব্যক্তিগতভাবে ভিজিএফ কার্ড চাওয়াকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা তোলনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি প্যানেল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ইউএনওকে জানানো হয়েছে।

মির্জা সোহেল বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন ফোনে ভিজিএফ কার্ডের ভাগ চান। আমি জানাই, বরাদ্দ কার্ডের ২০ শতাংশ উপজেলা বিএনপিকে দিতে হবে, তাই আলাদা করে কাউকে দেওয়া সম্ভব নয়। পরে বিকেলে ডেকে নিয়ে আমাকে মারধর করা হয়। রাতে বিএনপির নেতারা বিষয়টি মীমাংসা করেছেন।’

অভিযোগ অস্বীকার করে আশিকুর রহমান তোলন বলেন, ‘আমি ভিজিএফ কার্ডের ভাগ চাইনি এবং কাউকে মারধরও করিনি। শুধু প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। একটি গোডাউনের লাইসেন্স-সংক্রান্ত বিষয় নিয়ে এই বিরোধ হয়। পরে বিষয়টি মীমাংসা হয়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা তোলনের মধ্যে সৃষ্ট ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হাই বলেন, প্যানেল চেয়ারম্যান অভিযোগ করেছেন। ভিজিএফের চাল বা কার্ডের কোনো ভাগ দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে কার্ড বিতরণ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জামালপুর-২: জামানত হারালেন দুই প্রার্থী