জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে কথিত পুশ ইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে নোম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিতে আসছেন বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, ষষ্টি চন্দ্র বর্মণ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। তিনি প্রায় ২৪ ঘণ্টা ধরে সীমান্তের নোম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে উদ্ধার করা হয়।
এর আগে, ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে কামালপুর সীমান্তে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থানের পর তাঁকে উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘বৃদ্ধকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’