আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফ কার্ডের অর্ধেক বিএনপির নেতা-কর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এসব কার্ড হস্তান্তর করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিএনপির স্থানীয় নেতাদের কাছে কার্ডগুলো হস্তান্তর করেন। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী ইউনিয়নের জন্য ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ এসেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট বরাদ্দের প্রায় অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২৪টি কার্ড ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে।
কার্ড হস্তান্তরের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধারণ সম্পাদক সফিউল আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিজিএফের চাল গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। দলীয় নেতাদের মাধ্যমে কার্ড বিতরণ হলে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হবেন।
বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘দলীয় নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কার্ড উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে তুলে দিয়েছি, যাতে ইউনিয়ন পরিষদের ওপর কোনো চাপ না আসে।’
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, দল থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি ত্রাণ বা ভিজিএফ কার্ড কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণের আইনি সুযোগ নেই। নিয়মবহির্ভূতভাবে কার্ড হস্তান্তর করা হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।