যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দাফন করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লালডোবা উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী অংশ নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বেলা সোয়া ৩টার দিকে লিমনের মরদেহ বহনকারী গাড়ি তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে নৃশংসভাবে খুন হওয়া লিমনের মরদেহ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
লিমনের বাবা জহুরুল হক বলেন, ‘আমি আমার ছেলেকে কখনো কোনো দিন কষ্ট দিইনি। আমার একটি সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করা হলো। আমি তাকে কখনো একটি চড়থাপ্পড়ও দিইনি, শুধু মুখে শাসন করেছি।’
জহুরুল হক আরও বলেন, ‘ছেলে সব সময় আমাকে বলত—আব্বু, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার চাকরি করার দরকার নেই। প্রয়োজনে ব্যবসা-বাণিজ্য করো। আমি বলতাম—ব্যবসা করতে তো টাকা লাগে। আমার তো সে টাকা নেই।’ এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
লিমনের বাবা বলেন, ‘দেশে বা বিদেশে যেসব ছেলেমেয়ে লেখাপড়া করে, এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে। বৃষ্টি মেয়েটিকেও আমি নিজের মেয়ের মতোই মনে করতাম। আমার ছেলে ও বৃষ্টিকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
পারিবারিক সূত্রে জানা গেছে, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় চলে যান এবং একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। তবে তাঁরা নিয়মিত গ্রামের বাড়িতে যাতায়াত করতেন না। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাই স্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আবদুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান।
লিমন সেখানে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে উচ্চতর পড়াশোনা করছিলেন। গত ১৬ এপ্রিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাঁর স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।