জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষের সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও বিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম ২০১৬ সালের ১৯ মে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে ঘটনার প্রায় ১০ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।