হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, অভিযুক্ত যুবদল নেতা

এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর) 

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা সরদার জাকিউল হকের মালিকানাধীন দৌলত এন্টারপ্রাইজের রাস্তা নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘সাবকন্ট্রাক্টের নামে এই আওয়ামী লীগ নেতার কাছ থেকে কাজ নিয়ে তিনি এখন রাস্তা নির্মাণে দুই নম্বরীর আশ্রয় নিয়েছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হকের মালিকানাধীন দৌলত এন্টারপ্রাইজের কাজ সাবকন্ট্রাক্টের নামে ভাগিয়ে নেন হামিদুর রহমান মলিন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করছেন হামিদুর রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না। উল্টো কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুর্যোগ অধিদপ্তরের আওতায় লটারির মাধ্যমে একটি প্যাকেজে পৃথক তিনটি রাস্তার হেরিং বোন বন্ড বা এইচবিবি করার কাজ পায় ইসলামপুরের দৌলত এন্টারপ্রাইজ।

রাস্তাগুলো হলো উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা, চরপুটিমারীর ইউনিয়নের বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর ব্যাপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এবং একই ইউনিয়নের ৪ নম্বর চরবাজার থেকে ৪ নম্বর চর উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে ৬৩০ মিটার রাস্তা।

এসব রাস্তার এইচবিবিকরণ কাজের প্রাক্কলিত মূল্য ১ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৬৩০ টাকা। চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২১ লাখ ১০ হাজার ২৪৮ টাকা।

সরেজমিনে দেখা গেছে, বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবিকরণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। কার্যাদেশবহির্ভূতভাবে সলিংয়ে ফাঁক রেখে ইট বিছানো হয়েছে। বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর ব্যাপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ৪ নম্বর চরবাজার থেকে উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে নির্মাণাধীন রাস্তাতেও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন, নাজমা বেগম, সোহেল রানা ও রুস্তম আলী বলেন, ‘রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। ইটের গাঁথুনিতে রাখা হয়েছে ফাঁক। রাস্তা নির্মাণের এসব বিষয় ঠিকাদারের লোকজনকে বলা হলেও পেশিশক্তির দাপট দেখিয়ে তারা নিম্নমানের কাজ করে যাচ্ছে। তদারকি কর্মকর্তাদের এসব বিষয় জানালেও কাজের কাজের কিছুই হচ্ছে না।’

অনুসন্ধানে জানা গেছে, কার্যাদেশ অনুযায়ী গত ৩১ মার্চ রাস্তার এইচবিবিকরণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও মে মাসের শেষ দিকে কাজ উদ্বোধন করা হয়। ১০ জুন কার্যাদেশের মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি।

দৌলত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক বলেন, ‘রাস্তা নির্মাণের কাজ পেয়েছিলাম। তবে রাস্তার কাজ করছেন হামিদুর রহমান মলিন। রাস্তা নির্মাণের অনিয়মের কথা আমিও শুনেছি। এটা কতটুকু সত্য, সেটা জানি না।’

ইসলামপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে সরেজমিনে উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়েছিলাম। নিম্নমান ইট দিয়ে কাজ করতে নিষেধ করা হয়েছে। এরপরও যদি নিম্নমানের ওই ইটগুলো রাস্তায় ব্যবহার করা হয়ে থাকে, তবে নতুন করে আবারও কাজ করানো হবে।’

রাস্তা নির্মাণের কাজ মাঠপর্যায়ে দেখভালের দায়িত্বে থাকা পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সরেজমিনে গিয়ে নিম্নমানের ইটগুলো রাস্তা থেকে সরিয়ে উন্নত মানের ইট দিয়ে ঠিকাদারের লোকজনকে কাজ করতে বলেছি।’

অভিযুক্ত হামিদুর রহমান মলিন বলেন, ‘রাস্তা নির্মাণে অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। অযথা অভিযোগ তোলা হচ্ছে। তবে বোলাকীপাড়া গ্রামে নির্মাণাধীন রাস্তায় ১ হাজার ৫০০ নিম্নমানের ইট আমাদের অজান্তে ইটভাটা থেকে পাঠানো হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে নিম্নমানের ইট রাস্তায় ব্যবহার করা হয়নি।’

জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর