হোম > সারা দেশ > জামালপুর

২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৭৫০ রোগীর খাবার-সরঞ্জাম বরাদ্দ—তদন্ত করবেন মন্ত্রী

জামালপুর প্রতিনিধি 

জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আজকের পত্রিকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘হাসপাতালটি দেখে আমার খারাপ ধারণা হলো। এখানে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। খালেদা জিয়া এটি করেছিলেন। বিগত ২০ বছরে এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া হয়নি।’

আজ বিকেলে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন রশিদুজ্জামান মিল্লাত।

হাসপাতালের বিভিন্ন অনিয়মে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। অথচ ৭৫০ রোগীর খাবার-দাবার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয় এখানে। রোগীদের জন্য বরাদ্দের অর্থ ও সরঞ্জাম যথাযথ ব্যবহার হচ্ছে কি না, আমি তদন্ত করব।’

মন্ত্রী বলেন, ‘এখানকার ২৫০ আর জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা। এই ৭৫০ শয্যার জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়।’

এর আগে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।