হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জের একাধিক সরকারি ওয়েবসাইটে এখনো শেখ হাসিনার ছবি, হালনাগাদ নিয়ে প্রশ্ন

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)

দেওয়ানগঞ্জ উপজেলার একাধিক সরকারি দপ্তরের ওয়েবসাইটে এখনো শেখ হাসিনার ছবি। ছবি: সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এখনো শোভা পাচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একাধিক সরকারি দপ্তরের ওয়েবসাইটে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের সরকারি তথ্য বাতায়নে দীর্ঘদিন ধরে তাঁর ছবি প্রদর্শিত হলেও তা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। এতে সরকারি ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর সর্বশেষ আজ রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ ওয়েবসাইটে এমন চিত্র দেখা গেছে। এসব ওয়েবসাইটের স্ক্রিনশট প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

সরকারি অর্থায়নে পরিচালিত এসব ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার কথা। অথচ দীর্ঘ সময় ধরে ক্ষমতাচ্যুত সরকারপ্রধানের ছবি বহাল থাকায় প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের প্রশ্ন, গণ-অভ্যুত্থানের পর এত সময় পেরিয়ে গেলেও সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে ছবিগুলো সরানো হয়নি কেন? সংশ্লিষ্ট কর্মকর্তারা কি নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণ করেন না?

ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা বন কার্যালয়, উপজেলা শিক্ষা প্রকৌশল, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প, উপজেলা পোস্ট অফিস এবং উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য বাতায়নের কভারপেজে শেখ হাসিনার ছবি রয়েছে।

বিশেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে ছবিটি বহাল রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা খবিরুজ্জামান খানের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, সরকারি ওয়েবসাইটে এমন ছবি দীর্ঘদিন বহাল থাকার বিষয়টি নিছক অবহেলা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা এ কে এম মোস্তফা মনোয়ার বলেন, ‘ওয়েবসাইট স্ব স্ব দপ্তরের কর্মকর্তারা হালনাগাদ করে থাকেন। কোনো দপ্তরের ওয়েবসাইট থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো না হয়ে থাকলে এর দায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ওপর বর্তাবে। আমরা শুধু ওয়েবসাইট সচল রাখা ও যান্ত্রিক ত্রুটি নিরসনের কাজ করে থাকি।’

স্থানীয় বাসিন্দা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হলেও রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় এখনো তাঁর অনুসারীরা রয়েছেন। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছেন। গণ-অভ্যুত্থানের এত সময় পরও সরকারি ওয়েবসাইট থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছবি সরানো না হওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন বলেন, ‘সরকারি ওয়েবসাইটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ছবি থাকার বিষয়টি আমার জানা নেই। কোনো দপ্তরের ওয়েবসাইট এখনো হালনাগাদ করা না হয়ে থাকলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বন ও শিক্ষা প্রকৌশল কার্যালয় এ উপজেলায় আছে কি না, সেটিও তথ্য বাতায়নের বিষয়টি যাচাই করে দেখতে হবে।’

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘সরকারি ওয়েবসাইটে যদি ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর ছবি থেকে থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।’