হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।