হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। সংঘর্ষে বাজারের বিভিন্ন দোকানপাটে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বানিয়াগাঁও গ্রামের রিয়াদ মিয়া একটি ইনডোর খেলার মাঠ উদ্বোধন করেন। খেলার সময়সূচি নির্ধারণকে কেন্দ্র করে পশ্চিম জয়পুর গ্রামের উজ্জ্বলের দলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। উজ্জ্বলের দলকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত সময় দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের কিছু পরে মাঠে পৌঁছালে ওই সময় অন্য একটি দল খেলায় অংশ নেয়। পরে রিয়াদ মিয়া তাদের রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব করলেও উজ্জ্বলের দল খেলায় অংশ না নিয়ে চলে যায়।
এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে মিরপুর এলাকায় রিয়াদ মিয়ার ভাই মুরাদ মিয়াকে একটি গাড়ি দিয়ে মোটরসাইকেলসহ চাপা দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে জানতে পেরে রিয়াদ মিয়া ও তাঁর সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে মারধর করেন বলে স্থানীয়রা জানান।
এরপর সন্ধ্যার দিকে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজন মিরপুর বাজারে মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এতে বাজারের বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।