হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে না পাওয়ায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসা ছুটি হলে অন্যরা বাড়ি ফিরলেও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পেলেও মীমের সন্ধান পায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে। মীমের সন্ধানের দাবিতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা।
এদিকে ১০ দিনেও মীমের সন্ধান না পাওয়ায় পুলিশি তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, মীমের নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।