হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি   

অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: আজকের পত্রিকা

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।

আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে। আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।