হোম > সারা দেশ > হবিগঞ্জ

খোয়াই নদের বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি   

আজ দুপুরে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয় দফায় বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এ অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

খোয়াই নদের কালীগঞ্জ এলাকায় দ্বিতীয় দফায় বাঁধ ভাঙনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করছেন। শুধু বাঁধ নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে, নাকি সেখানে স্লুইসগেট স্থাপন করা প্রয়োজন—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।