হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি মো. শরিফুল আলমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরিফুল আলম পৌর শহরের বড়াইল গ্রামের হাজি আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তর বাজার এলাকা থেকে শরিফুল আলমকে আটক করা হয়। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শরিফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জননিরাপত্তার স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।