গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেয়েছে, আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ সরকার গঠনের পর বিএনপি গণভোটকে অবৈধ বলছে।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
মামুনুল হক বলেন, ‘আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।’
মামুনুল হক সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করা এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।