হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় প্রায় ১৬ ঘণ্টা বন্ধ ছিল চুনারুঘাট-মাধবপুর সড়ক। আজ শুক্রবার বিকেলে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার এবং সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার কাজ শেষে সড়কটি পুনরায় চালু করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে বালুভর্তি ট্রাকটি সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত ছিলেন।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। এতে স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও যাত্রীদের দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর প্রায় ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল করছে।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে দ্রুত ট্রাক উদ্ধার ও সড়ক সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলতে থাকায় মাটির নিচে ফাঁপা অংশ সৃষ্টি হয়েছিল। সময়মতো সংস্কার না করায় শেষ পর্যন্ত সড়কের ওই অংশ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা স্থায়ীভাবে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।