গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে শিগগিরই একটি মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। গতকাল শনিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে এস এম জিলানী বলেন, ‘মাত্র পাঁচ মাস জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। এই পাঁচ মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছি যতটুকু উন্নয়ন করা যায়। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে এই গোপালপুরে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে।’
এমপি জিলানী আরও বলেন, ‘ইতিমধ্যে মন্ত্রী পরিষদের একাধিক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। সবাই আশ্বস্ত করে জায়গা নির্ধারণ করতে বলেছেন। শিগগিরই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণ করা হবে, আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম।’
ফ্যামিলি কার্ডের প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি জিলানী বলেন, ‘কেউ যদি বলে কিছু টাকা দেন আপনাকে ফ্যামিলি কার্ড করে দেব, তাহলে বুঝবেন সে আপনাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে।’
অনুষ্ঠানে এমপি জিলানী আরও বলেন, ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে বিনা মূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সবার বাড়িতে পৌঁছে যাবে। এ কারণে কাউকে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মণ্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।