হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও মাঠে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও মাওনা এলাকায় অবরোধ শুরু করেন শ্রমিকেরা। দুপুরের দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কেও অবরোধ করে বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করেন।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। এ সময় লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে তাঁদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার অবরোধ করছেন। শ্রীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে কয়েক হাজার শ্রমিক অবরোধ করলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।