হোম > সারা দেশ > গাজীপুর

জরাজীর্ণ ঘরে বৃদ্ধের নিঃশব্দ আর্তনাদ: জমি লিখে নিয়ে নির্যাতনের অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

ভুক্তভোগী জমসের আলী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে জোরপূর্বক জমিজমা লিখে নিয়ে জরাজীর্ণ ঘরে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। মানবেতর অবস্থায় দিন কাটানো ওই বৃদ্ধের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জরাজীর্ণ ও পরিত্যক্ত ঘরে মানবেতর জীবন যাপন করা জমসের আলী পেশায় ছিলেন একজন কৃষক। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটাতে সারা জীবন কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন সংসার। কিন্তু কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে গেলে চলাফেরার সক্ষমতা হারান তিনি। সেই থেকেই যেন তাঁর জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়।

অভিযোগ রয়েছে, তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে পুত্রবধূ মর্জিনা সুকৌশলে স্বামী সালামকে চাপ প্রয়োগ করে শ্বশুরের ভিটেমাটি স্বামী সালামের নামে লিখে নেন। জমি হস্তান্তরের পর থেকেই বৃদ্ধকে অবহেলা ও নির্যাতনের মুখে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর ধরে তাঁকে একটি পরিত্যক্ত মাটির ঘরে রাখা হয়েছে। ঘরের চালে অসংখ্য ছিদ্র—বৃষ্টির সময় পানি পড়ে। নেই বিদ্যুৎ বা ন্যূনতম বসবাসযোগ্য পরিবেশ।’

প্রতিবেশী শামসুল হকের ভাষ্য, ‘বৃদ্ধকে ঠিকমতো খাবার দেওয়া হয় না, গোসলও করানো হয় না। শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে। কেউ সাহায্য করতে গেলে পুত্রবধূ বাধা দেন।’

ভুক্তভোগী জমসের আলী বলেন, ‘আমার সহায়-সম্পত্তি সব লিখে নিয়েছে। এখন আমাকে স্বাভাবিকভাবে বাঁচতেও দিচ্ছে না। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ইয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘আজ ঘটনাটি শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি ছেলে ও পুত্রবধূর সঙ্গে কথা বলব, যাতে তারা বৃদ্ধ বাবার থাকা-খাওয়া ও ভরণপোষণের যথাযথ ব্যবস্থা করে। অন্যথায়, আমি নিজে বাদী হয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। স্থানীয় ইউপি সদস্যকে ফোন করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইন ভেঙে গাজীপুরে বনের ভেতরে গাসিকের ভাগাড়

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

পরীক্ষার্থী বহনকারী অটোরিকশাকে ডাম্প ট্রাকের ধাক্কা: শ্রীপুরে আহত ৫, তিনজন আশঙ্কাজনক

গাজীপুর: লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত শিল্পকারখানায়

যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী লিমন খুন: শ্রীপুরে শোকাহত সহপাঠী ও স্কুলশিক্ষকেরা

‎টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, লুটপাট

গাজীপুরের শ্রীপুর: সড়কে ফাটল, কাজের মান নিয়ে অভিযোগ

শ্রীপুরে ৪৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন তিন গ্রাম, বিপর্যস্ত জনজীবন

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় পা হারালেন ব্যবসায়ী—সংবাদ সম্মেলনে বিচার দাবি